পাবনার আতাইকুলায় হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৯ নম্বর আসামি মো. মুছাকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রবিবার (১ নভেম্বর) ভোরে উপজেলার পুষ্পপাড়া পূর্ব বনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, ভোর ৫টা ২০ মিনিটে এসআরবি-১২, সিপিসি-২ পাবনার একটি দল অভিযান চালিয়ে মুছাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার। মুছা আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।
২৯ অক্টোবর সন্ধ্যায় পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম (৫৬) ও তার সহযোগী রিপন হোসেন (২৬) হাটের অস্থায়ী কার্যালয়ে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রিপনের ভাই মো. রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় হত্যা মামলা করেন। মামলায় মুছাকে ৯ নম্বর আসামি করা হয়েছে।
এসআরবি-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুছাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









