‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সিলেটের জৈন্তাপুরে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ এবং সফল উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়।
রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। সভা সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের কারিগরি শিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহী হতে হবে। সরকারি প্রশিক্ষণ ও ঋণসুবিধা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে দরবস্ত ইউনিয়নের হাজারী সেনগ্রামের সোনার বাংলা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের পরিচালক সাইফ উদ্দিনসহ কয়েকজন সফল যুব উদ্যোক্তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র এবং উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









