‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি ও প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. বনি আমিন, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ অফিসার মো. নাজমুল হক, বেলকুচি উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার বিপ্লব কুমার, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মো. শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিঞা শামীম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বেলকুচি উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, বেলকুচি উপজেলা যুব দলের সদস্য সচিব মো. আলম প্রামানিক, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, পৌর মহিলা দলের সদস্যসচিব মোছা. রুখসানা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজই একটি জাতির মূল চালিকাশক্তি ও উন্নয়নের অগ্রদূত। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে যুবসমাজকে কারিগরি ও বাস্তবমুখী দক্ষতায় গড়ে তোলার বিকল্প নেই। কেবল চাকরির পেছনে না ঘুরে সরকারি সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে যুবকদের সফল উদ্যোক্তা ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা মাদক ও সামাজিক অবক্ষয় রোধে যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেন।
আলোচনা সভা শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী যুব ও যুব নারীদের মাঝে সনদপত্র এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ জন যুব উদ্যোক্তাদের মাঝে ৫ লক্ষ্য ৪৫ হাজার টাকা যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









