নতুন শিল্পোদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে বিসিক ভবনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।
আয়োজকেরা জানান, পাঁচ দিনের এ প্রশিক্ষণে ব্যবসা নির্বাচন, সম্ভাব্যতা যাচাই, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, শিল্প নিবন্ধন, বিসিকের সহায়তা ও ঋণসুবিধা, অনলাইন বিপণন এবং শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা। আগামী ৫ নভেম্বর এ প্রশিক্ষণ শেষ হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









