‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, যুব সমাবেশ, ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা যুব ভবনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক দিলগীর আলম।
জেলা যুব কার্যালয়ের কম্পিউটার ট্রেডের প্রশিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান শেখ, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর একেএম লতিফুল বারী, সফল আত্মকর্মী জয়নুল আবেদীন ও সফল যুব সংগঠক আব্দুল মোমিন। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে ইনজামামুল হক ও মারিয়া আক্তার বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, ‘‘শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। বর্তমান সময়ে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার অনেক সুযোগ রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে যুবকেরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন।’’
অনুষ্ঠানে ই-লার্নিং অ্যান্ড আর্নিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়া দুজন এবং যুব ভবনের কম্পিউটার ট্রেডের দুজন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি চার যুবকের প্রত্যেককে ৮০ হাজার টাকা করে মোট ৩ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক দিলগীর আলম জানান, গরু মোটাতাজাকরণ ও গাভি পালনের জন্য এ ঋণ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এবারই প্রথম জাতীয় যুব দিবস উপলক্ষে সরকার সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান, প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় এবং সামাজিক সচেতনতায় যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









