‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সামনে রেখে নীলফামারীর ডিমলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও ডিমলা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর, ডিমলার কর্মকর্তা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, ‘‘যুবসমাজকে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।’’ স
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার সেক্রেটারি রোকনুজ্জামান বকুল।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থীসহ স্থানীয় তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









