ঈদুল ফিতর সামনে রেখে বাজারে মসলার বাড়তি চাহিদাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারি চক্র। এমন প্রেক্ষাপটে কলমাকান্দা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৩৬০ কেজি অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তন্ময় আহমেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার তন্ময় ভবানীপুর গ্রামের আব্দুর রাশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভবানীপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ১২টি বস্তায় মজুত রাখা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৩৬০ কেজি জিরা পাওয়া যায়। বস্তাগুলোর গায়ে ‘VP WORLD NO.1 JEERA’ লেখা ছিল, যা থেকে পণ্যগুলোর উৎস সম্পর্কে ধারণা পাওয়া যায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত জিরা থানায় সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ঈদকে সামনে রেখে তুলনামূলক কম দামের কারণে ভারতীয় মসলা ও কসমেটিকসের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে সীমান্তপথে অবৈধভাবে পণ্য এনে বাজারজাত করা হচ্ছে, যা দেশীয় ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্তঘেঁষা এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









