মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্বঘোষণা ছাড়াই ঝটিকা পরিদর্শনে গিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা, ওষুধের প্রাপ্যতা, ওয়ার্ডের পরিবেশ এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীরা যথাসময়ে চিকিৎসা পাচ্ছেন কিনা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হচ্ছে কিনা এবং চিকিৎসাসেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার হচ্ছেন কিনা, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক সংকট, স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালন, ওষুধের প্রাপ্যতা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং চিকিৎসাসেবার মান নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চান।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘আমি অঘোষিতভাবে মাদারীপুরের কালকিনি হাসপাতালে পরিদর্শন করেছি। এখানে যেসব অনিয়ম দেখতে পেয়েছি, সেগুলো বন্ধ করে দিয়েছি। আর কিছু বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলে দিয়েছি। তিনি দুটি বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।’’
হাসপাতালের চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে হাসপাতালে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন।
তিনি সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা সাধারণ মানুষের অধিকার উল্লেখ করে বলেন, ‘‘কোনো অবস্থাতেই রোগীরা যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। হাসপাতালের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, জবাবদিহি ও সেবার মান নিশ্চিত করতে হবে।’’
পরিদর্শনকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









