নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধকে কেন্দ্র করে পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাশাপাশি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সোয়া চারটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় এ সংঘর্ষ শুরু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ সময় পুলিশ-শ্রমিকসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটি অবরোধ করেন শ্রমিকরা। তাদের ব্যারিকেড দেবার চেষ্টা করলেও তা ভেঙে সড়কে ওঠেন শ্রমিকরা। ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায় অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘‘সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শিবু মার্কেট এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচলও শুরু হয়।’’ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
এর আগে বেতন বৃদ্ধির দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে কাঠেরপুল এলাকার চারটি কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নেন। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের কর্মী বলে জানা গেছে।
এর আগে সোমবার একই দাবিতে ওই এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর নতুন করে আন্দোলনে নামেন শ্রমিকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









