সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে ফ্লাইট পরিচালনার সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
অন্যদিকে, রিয়াদগামী যাত্রীদের বড় একটি অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। এ কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এদিকে, টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









