কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড ১২ বোর কার্তুজসহ ১১ মামলার আসামি মো. লোকমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কাঠালতলী পাড়ার ছড়ার পাশে বাঁশতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বাঁশতলা এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে একজনকে হত্যার উদ্দেশ্যে অবস্থান করছেন। এরপর ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পাহাড়ের দিকে পালিয়ে গেলেও পুলিশ মো. লোকমানকে আটক করে।
লোকমানকে নিয়ে আসার সময় তার সঙ্গী ও পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও লাল রঙের এক রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। পরে রাতে সাক্ষীদের উপস্থিতিতে সেগুলো জব্দ করা হয়।
থানা পুলিশের রেকর্ড ও সিডিএমএস যাচাইয়ের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, লোকমানের বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চুরি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় মোট ১১টি মামলা রয়েছে। এবং এজাহারভুক্ত আসামি হিসেবে লোকমানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









