ভোলার লালমোহনে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় ইউএনও শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনে প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন।
সভায় নিয়মিত টহল বৃদ্ধি, যানজট নিরসন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, জাসাস সভাপতি আজাদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









