কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরেরও বেশি সময় পর আবারও চালু হয়েছে সিজারিয়ান অপারেশন কার্যক্রম। এখন থেকে প্রতি মঙ্গলবার সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন স্বাভাবিক প্রসবসেবা চালু থাকবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) হাসপাতালে এক প্রসূতির সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয়েছে। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব জানান, উপজেলার চন্ডিপাশা এলাকার লিজা (৩০) নামের ওই প্রসূতির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। একই দিনে হাসপাতালে একটি ডি অ্যান্ড সি অপারেশনও করা হয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় সিজারিয়ান সেবা চালু করা হয়েছে। এখন থেকে প্রতি মঙ্গলবার বিনামূল্যে এ সেবা দেওয়া হবে। প্রসবজনিত জটিলতায় গর্ভবতী মায়েদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।
দীর্ঘদিন পর সরকারি হাসপাতালে বিনামূল্যে সিজারিয়ান সেবা চালু হওয়ায় স্থানীয় প্রসূতি মায়েদের অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের সুযোগ তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









