জীবনের শুরুতেই যারা হারিয়েছে বাবা-মায়ের স্নেহ, যাদের শৈশব কেটেছে অভাব, অনিশ্চয়তা আর নীরব কষ্টের ভেতর দিয়ে—সেই এতিম শিশুদের দিনগুলো কাটে এক দীর্ঘ শূন্যতায়। উৎসবের আনন্দ কিংবা পারিবারিক উষ্ণতা তাদের জীবনে খুব কমই ধরা দেয়। তবুও ছোট ছোট স্বপ্ন বুকে নিয়ে তারা এগিয়ে যেতে চায় আলোর পথে।
পবিত্র রমজান মাসের ৫ম দিনে এমনই কিছু এতিম শিশুর মুখে হাসি ফোটাতে তাদের সাথে ইফতার করেছেন বিএনপি নেতা লিয়াকত আলী লিটন।
সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা এতিমখানার শিশুদের সাথে ইফতার করেন সদর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত লিটন।
ইফতারের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এর দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এ সময় এক আলোচনায় তিনি বলেন, ইসলাম এতিমদের মর্যাদা ও সুরক্ষা দিয়েছে। এখানে উপস্থিত শিশুদের কারো বাবা নেই, কারো মা নেই, কারো বাবা-মা দুটোই নেই। এমন অবস্থায় অভাবে-অনাদরে বড় হওয়াটা কষ্টের এটাই স্বাভাবিক। অনেক মাদরাসা তাদেরকে দায়িত্ব নিয়ে মানুষের মত মানুষ করার জন্য বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করছে। এরপরেও বাবা মায়ের অভাব পূরণ করা কোনভাবেই সম্ভব নয়। যার কারনেই এতিম শিশুদের সুরক্ষা দিয়েছে ইসলাম এবং তাদেরকে সম্মান দিয়েছে।
এ সময় তিনি সকল শ্রেণির মানুষদের এতিমদের পাশে থাকার আহবান জানিয়ে আরও বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই নির্দেশনা থেকেই আমরা সবসময় কল্যাণমূলক কাজের অংশ হিসেবে এতিম শিশুদের পাশে থাকতে চাই।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মুকুল। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









