শিক্ষার উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়, বরং দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠা। শিক্ষাজীবন শেষে কেউ যেন বেকার না থাকে, সে লক্ষ্যে শিক্ষাব্যবস্থাকে সনদনির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক করার কাজ করছে সরকার। ঝালকাঠি সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে ৪৫০ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে ড. জিয়াউদ্দিন বলেন, জ্ঞান অর্জনের পরিধি বাড়াতে হলে চিন্তার জগৎ প্রসারিত করতে হবে। একই সঙ্গে মাদককে ‘না’ বলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অন্তত এক দিন পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা ও উন্নয়ন ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে, যাতে পড়াশোনা শেষে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পায়।
এ সময় ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দ্রুত একটি বাস এবং ইনডোর গেমসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরামর্শ দেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াস বেপারী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) স্নেহলতা রায়। এ ছাড়া স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









