পাবনার চাটমোহর পৌর সদরের যানজট নিরসনে পৌরসভার উদ্যোগ ও অর্থায়নে নতুন করে ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে পৌর সদরের গুরুত্বপূর্ণ থানা বাজার আমতলা মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পৌরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এর আগে নতুন বাজারের যারদিস মোড়ে একজন ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা বাজার আমতলা মোড়েও আরও একজন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হলো। নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা সকাল থেকে দিনভর যানবাহন চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন।
এ কার্যক্রমের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান এবং পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) মো. অলিউর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়ারুল হক সিন্টু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ প্রমুখ।
এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিএনপি নেতৃবৃন্দ, থানা পুলিশের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, পৌর সদরের যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভারী যানবাহন দিয়ে পৌর এলাকার কোথাও মালামাল ওঠানামা করা যাবে না।
ব্যবসায়ীদের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নির্ধারিত সময়ে ভারী ট্রাক, কাভার্ড ভ্যান ও নির্মাণসামগ্রী বহনকারী যানবাহন পৌর সদরের প্রধান সড়কে অবস্থান করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে পৌরসভার প্রধান সড়কে নির্মাণসামগ্রী ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পৌর প্রশাসক।
পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখা এবং যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব নিয়ম মেনে চলার জন্য ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান বক্তারা।
পরে দুই ট্রাফিক স্বেচ্ছাসেবকের হাতে ছাতা, বাঁশি ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী তুলে দিয়ে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









