সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলার হার-জিত নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার জালালিরচর ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে দুই ঘণ্টার বেশি সময় ধরে দফায় দফায় এ সংঘর্ষ চলে।
মঙ্গলবার (৩ নভেম্বর) একটি ফুটবল ম্যাচের হার-জিত নিয়ে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডান সূত্রপাত ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার একটি ফুটবল ম্যাচের হার-জিত নিয়ে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এ ঘটনার জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় পক্ষ মাইকিং করে লোকজন জড়ো করে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









