রোবট প্রতিযোগিতা, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী, প্রযুক্তিবিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) তিন দিনব্যাপী ‘ইইই ফেস্ট ২০২৬’ শেষ হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ২ থেকে ৪ নভেম্বর এ উৎসবের আয়োজন করে। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
শেষ দিনে জাতীয় পর্যায়ের প্রজেক্ট শোকেসিংয়ে শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা দিয়ে দেশের বিভিন্ন সমস্যার সমাধান খোঁজার আহ্বান জানান।

পরে রোবো সকার, মিনি রোবো সকার ও লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি ‘রিসার্চ মেথডোলজি ফর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস: ফ্রম প্রপোজাল টু পাবলিকেশন’ শীর্ষক সেমিনারে গবেষণা প্রস্তাবনা তৈরি ও গবেষণাপত্র প্রকাশের বিভিন্ন দিক তুলে ধরেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.)। পরে ইইই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২ নভেম্বর বেলুন উড়িয়ে ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য। প্রথম দিনে কুইজ, রুবিকস কিউব, ইনডোর ও অনলাইন গেমিং এবং টেকনিক্যাল পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে কমসোল মাল্টিফিজিকস সফটওয়্যারের ওপর কর্মশালা ও ট্রেজার হান্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। ট্রেজার হান্টে বিশ্ববিদ্যালয়ের ৪১টি দলের ১২৩ জন শিক্ষার্থী অংশ নেন।
ইইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছা. রুবিনা আক্তারের সার্বিক পরিচালনায় আয়োজিত উৎসবে সহযোগিতা করে বিএইউএসটি ইইই অ্যাসোসিয়েশন, কালচারাল ক্লাব, রোবোটিকস ক্লাব ও ফটোগ্রাফিক আই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









