আলোচিত বোটক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।
জানা যায়, ২০২২ সালের ৬ জুলাই নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। এতে পরীমনির পাশাপাশি তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়।
এর আগে ২০২৫ সালের ২৬ জানুয়ারি আদালত মামলাটিতে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। ওই দিন পরীমনি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে তিনি জামিন নেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ২০২১ সালের ৮ জুন রাত ১২টার পর পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোটক্লাবে প্রবেশ করে মদপান করেন। একপর্যায়ে ক্লাবের সভাপতি নাসির উদ্দিনের কাছে মদের বোতল বিনামূল্যে নিয়ে যাওয়ার দাবি জানান। এতে রাজি না হওয়ায় ক্লাবে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, রাত সোয়া ১টার দিকে নাসির উদ্দিন ক্লাব থেকে বের হওয়ার সময় পরীমনি তাকে উদ্দেশ্য করে ডাক দেন। পরে একটি ব্লু লেবেল মদের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ করা হয়।
একপর্যায়ে বাদীর সঙ্গে বাদানুবাদের সময় পরীমনি তার দিকে একটি সার্ভিং গ্লাস ও হাতে থাকা মোবাইল ফোন ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে নাসির উদ্দিনের মাথা ও বুকে আঘাত লাগে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে সাভার থানায় মামলা করেছিলেন পরীমনি। ওই ঘটনার পর পরীমনির বিরুদ্ধেও মাদক মামলা দায়ের করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









