ফরিদপুরে ডাকাতি ও ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের চাকরিচ্যুত দুই সদস্য রয়েছেন। এ সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি করা একটি ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৬টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
পুলিশ জানায়, ডিবি পরিচয়ে নতুন ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নেওয়ার কথা বলে জোরপূর্বক ছিনতাই করত একটি চক্র। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশের চাকরিচ্যুত সদস্য মো. লিমন মিয়া (৩৪) ও তার সহযোগী মো. সাখাওয়াত মুন্সি ওরফে সাকা (৩৬) কে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে লিমন দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। পরে এসব যানবাহন মুকসুদপুরের মন্টু মিয়া নামে এক ব্যক্তির কাছে বিক্রি করতেন। লিমনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ অন্তত ১১টি মামলা রয়েছে।
অন্যদিকে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. ইমদাদুল হক ওরফে জাহাঙ্গীরকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি খুলনার লবণচরা এলাকায়। তার হেফাজত থেকে রূপগঞ্জে ডাকাতি করা ইয়ামাহা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই ডাকাতির ঘটনায় নগদ ২৪ লাখ টাকাসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুট করা হয়েছিল। জাহাঙ্গীরের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাসহ বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, চক্রটির সঙ্গে বড় একটি অপরাধী নেটওয়ার্ক জড়িত। গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









