নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদকে মাদক সেবনের দায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে আলী আহমেদকে আটক করে পুলিশ। পরে ডোপ টেস্টে তার শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আলী আহমেদকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









