বগুড়া মহানগরকে পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। এ জন্য ফুটপাত দখলমুক্ত করা, সড়ক প্রশস্তকরণ, যানজট নিরসন, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ এবং বড় ওয়ার্ডগুলো পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে শহরের এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে ‘আপনার মহানগরকে আপনি কেমন দেখতে চান?’ শীর্ষক সুধী সমাবেশে এসব দাবি উঠে আসে।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। সঞ্চালনা করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, অধ্যক্ষ আব্দুল হাই, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক আ স ম আব্দুল মালেক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
সমাবেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সভাপতি সাহাবুদ্দিন সৈকত নগরীর ফুটপাত দখলমুক্ত ও প্রশস্ত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় নো-পার্কিং জোন চালুর দাবি জানান। তিনি বলেন, ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে।
বক্তারা বিশেষ করে সাতমাথা, গুরুত্বপূর্ণ সড়ক ও ফতেহ আলী বাজার মোড়ের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। ফতেহ আলী বাজার মোড়ের অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবিও জানান তাঁরা।
নারী উদ্যোক্তা শ্যামলী ও স্বর্ণা নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সারোয়ার হোসেন নগরীর জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে বড় ওয়ার্ডগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব দেন। এতে নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে বলে মত দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বগুড়াকে নিয়ে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা রয়েছে। দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে বগুড়ার উন্নয়ন শুরু হয়েছে। দ্রুতই উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুনুর রশীদ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জ্যেষ্ঠ সাংবাদিক মির্জা সেলিম রেজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাবেক কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি আধুনিক নগরী গড়ে তুলতে শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়। প্রয়োজন সঠিক পরিকল্পনা, নাগরিক সচেতনতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনা। নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হলে বগুড়াকে আরও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









