হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক সংলগ্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকীর সরাসরি নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
এতে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।
অভিযান চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। হাসপাতাল এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা রোধে এ উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, “হাসপাতাল হচ্ছে মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই হাসপাতালের প্রবেশপথ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে আমরা এ উদ্যোগ নিয়েছি। শুধু একদিন পরিষ্কার করলেই হবে না, পরিচ্ছন্নতা ধরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী ও সেবাগ্রহীতাদেরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। নিজের বাড়ি, কর্মস্থল, হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। সম্মিলিত উদ্যোগেই একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে হাসপাতালের প্রবেশপথ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









