নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনার সময় ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যরাতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বিজিবি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা চোরাচালানিরা গাড়ি ও পার্সিমন ফল ফেলে পালিয়ে যায়।
বিজিবি আরও জানায়, জব্দ করা পিকআপের চালক ও গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক সজিবুল (২১) ও গাড়ির মালিক মো. মাহমুদুল হাসানকে (২৪) আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চালক সজিবুল সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। পিকআপের মালিক মো. মাহমুদুল হাসান একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ৩১ বিজিবি নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, পাঁচগাঁও ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালক ও গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। জব্দ করা ফল ও গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









