কয়েক দিনের টানা বিক্ষোভ, সংঘাত ও শ্রমিক অসন্তোষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, কাশিমপুর ও সালনা এলাকার পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি সদস্য রয়েছেন। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, সকাল থেকেই কারখানাগুলোর সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও অন্যান্য বাহিনীর টহল জোরদার করা হয়েছে। যৌথ বাহিনীর কঠোর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ব্যাপক বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়ে। এতে সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক দিনের অস্থিরতার পর বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকদের কাজে ফেরায় শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









