বগুড়ার সারিয়াকান্দিতে অন্য উপজেলায় নেওয়ার পথে জব্দ করা ২০ বস্তা ডিএপি সার সরকারি নির্ধারিত মূল্যে ১০ জন কৃষকের কাছে বিক্রি করেছে উপজেলা কৃষি বিভাগ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে চরাঞ্চলের কৃষকদের কাছে এসব সার বিক্রি করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতিন্নাহার বিথী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা এলাকায় বাঙালি ব্রিজসংলগ্ন স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় গাবতলী উপজেলার পেরিরহাট থেকে ধুনট উপজেলায় নেওয়ার পথে একটি অটোভ্যান থেকে এক হাজার কেজি বা ২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত সার ব্যবস্থাপনা আইনে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।
পরবর্তী সময়ে সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেয় কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চরাঞ্চলের ১০ জন কৃষকের কাছে সারগুলো বিক্রি করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে চরাঞ্চলের ১০ জন কৃষকের কাছে বিক্রি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









