বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। এর মধ্য দিয়ে জেলা জামায়াতের আমির পদে দীর্ঘ ৩৫ বছরের নেতৃত্বের অবসান ঘটল অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করা হয়।
রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ১৯৯১ সাল থেকে পিরোজপুর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। অসুস্থতাজনিত কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পান মাওলানা আব্দুর রব। এবার তিনি নতুন মেয়াদের জন্য জেলা আমির নির্বাচিত হলেন।
এর আগে গত ৯ অক্টোবর পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জেলা আমির নির্বাচনে ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে ভোট দেন।
নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। ওই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে মাওলানা আব্দুর রবকে পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









