নাটোরের গুরুদাসপুরে একটি লিচু বাগান থেকে জাকির হোসেন (৩৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে নিখোঁজ ছিলেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের একটি লিচু বাগানে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ সময় জাকিরের বড় ভাই ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় শনাক্ত করেন। নিহত জাকির হোসেন উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, (৩০ অক্টোবর) বাজার করার জন্য বাড়ি থেকে বের হন জাকির। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
গুরুদাসপুর থানার উপপরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান বলেন, ‘‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









