যশোর শহরের চৌরাস্তায় অবস্থিত বনফুল এন্ড কোংয়ে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিষ্টির পাশে তেলাপোকার অবাধ বিচরণ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং মিষ্টিতে প্রয়োজনীয় ট্যাগ না থাকায় এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযানকালে দোকানের মিষ্টি সংরক্ষণ ও বিক্রির স্থান পরিদর্শন করে এসব অনিয়ম পাওয়া যায়। বিক্রির জন্য সাজিয়ে রাখা মিষ্টির আশপাশে এবং সংরক্ষণস্থলের পাশে তেলাপোকার উপস্থিতি দেখা যায়। পাশাপাশি মিষ্টিতে প্রয়োজনীয় ট্যাগ না থাকায় পণ্যের পরিচিতি ও মূল্যসংক্রান্ত তথ্য প্রদর্শনেও অনিয়ম পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের উপ-উপ-পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সকালে শহরের চৌরাস্তায় বনফুল মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায় ডিসপ্লেতে রাখা বিদেশি চকলেটে এবং মিষ্টির ক্ষেত্রে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা নেই। এ ছাড়া দোকানের স্টোররুমে খোলা মিষ্টির ওপর শত শত তেলাপোকা ঘুরে বেড়াতে দেখা যায়; যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









