গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ভেতরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় বিভিন্ন শ্রেণির ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর হক।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর স্কুলের করিডোরে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এ সময় স্লোগান দেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনার পরদিন ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
গত বুধবার (৪ নভেম্বর) তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত নয় শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, ‘‘বিদ্যালয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনটি প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে।’’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর হক বলেন, ‘‘গত ৬ অক্টোবর বিদ্যালয়ের ভেতর কয়েকজন শিক্ষার্থী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের স্লোগান দেয়। ঘটনার সময় তিনি নামাজে ছিলেন। পরে নামাজ শেষে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে বিষয়টি জানতে চাওয়া হয়। এরপর অন্য শিক্ষকদের কাছ থেকে ঘটনার বিষয়ে নিশ্চিত হন তিনি।’’
তিনি বলেন, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তদন্তের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান বলেন, ‘‘অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









