দীর্ঘ সাড়ে আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে মৌলভীবাজারসহ সিলেটের চা-বাগানগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই বিপুলসংখ্যক চা শ্রমিকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কার্যালয় প্রাঙ্গণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার মনোনয়নপত্র বিতরণ করা হবে। প্রথম দিনে বাগান পঞ্চায়েত বা প্রাথমিক কার্যকরী পরিষদ পদে ১০৩ জন, বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদ পদে দুজন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মণ্ডলী পদে দুজন এবং সম্পাদক মণ্ডলী পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, ১০ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১১ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল ও শুনানি অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৪ ও ১৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চা শ্রমিকরা জানান, দীর্ঘদিন পর ইউনিয়নের নির্বাচন ঘিরে তাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, এ নির্বাচনের মাধ্যমে বাগানগুলোতে সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্ব উঠে আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









