‘ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শহরের ডিসি স্কয়ার মাঠে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেনসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আলমগীর সিকদার।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি এবং উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।
১০ দিনব্যাপী এ মেলায় ১২০টি স্টলে স্থানীয় উদ্যোক্তাসহ বিভিন্ন ব্যবসায়ী তাদের উৎপাদিত ও সংগৃহীত নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্প, কুটিরশিল্প ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









