ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর সহযোগী সন্দেহে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবরা বোর্ডহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাদকবিরোধী অভিযানের নামে এলাকাবাসী ভেবরা গ্রামের দরিমানের ছেলে ইসহাকের বাড়িতে যান। ইসহাককে মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত ইমামের সহযোগী বলে দাবি করেন স্থানীয়রা। তবে বাড়িতে তাঁকে না পেয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি বোর্ডহাট বাজারে নিয়ে আসা হয়। পরে সেখানে উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।
হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ইমামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর দাবি, ইমাম একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি। ইসহাকসহ আরও কয়েকজন ইমামের সহযোগী হিসেবে কাজ করেন বলে অভিযোগ করেন আমিনুল।
এর দুই দিন আগে, গত বুধবার (৪ নভেম্বর) বোর্ডহাট বাজারে মাদকবিরোধী একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনের নাম প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসার অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ওই সভায় অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেন।
মোটরসাইকেলে আগুন দেওয়ার বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক বলেন, তিনি ফোনে ঘটনাটি জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। কোনো অপরাধের অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









