বেগুনের সঙ্গে ইলিশ মাছের স্বাদ যেন অন্য রকম। দুপুর কিংবা রাতের খাবারে গরম ভাতের সঙ্গে বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল হতে পারে দারুণ আয়োজন। ঘরোয়া উপকরণে সহজেই তৈরি করা যায় সুস্বাদু এই পদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ: ইলিশ মাছ ৬ টুকরো, বেগুন ২০০ গ্রাম, কালোজিরা আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, হলুদ গুঁড়ো ১ চা-চামচ, মরিচ গুঁড়ো ১ চা-চামচ, ধনে গুঁড়ো ১ চা-চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়ো ১ চা-চামচ, সর্ষের তেল ৪ টেবিল চামচ, টমেটো ১টি, লবণ স্বাদমতো ও পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। বেগুন লম্বা করে কেটে ধুয়ে তাতেও লবণ ও হলুদ মাখিয়ে রাখুন।
এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ইলিশ মাছ হালকা করে ভেজে তুলে নিন। একই তেলে বেগুনের টুকরোগুলোও হালকা করে ভেজে আলাদা রাখুন।
একটি বাটিতে হলুদ, মরিচ, ধনে ও কাশ্মীরি মরিচের গুঁড়ো নিয়ে সামান্য পানি দিয়ে মসলা মিশিয়ে পেস্ট তৈরি করুন। কড়াইতে অবশিষ্ট তেলে কালোজিরা ও কাঁচা মরিচের ফোড়ন দিন। এরপর মসলার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
মসলা কষানো হলে ভেজে রাখা বেগুন ও টমেটোর ফালি দিয়ে আরও কিছুক্ষণ কষান। এবার প্রয়োজনমতো পানি দিয়ে পাতলা ঝোল তৈরি করুন। ঝোল ফুটে উঠলে ভাজা ইলিশ মাছ দিয়ে দিন। স্বাদ বাড়াতে আরও কয়েকটি কাঁচা মরিচের ফালি যোগ করুন।
সবশেষে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। ঝোলের স্বাদ ও লবণ পরীক্ষা করে চুলা থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে ইলিশের সুস্বাদু পাতলা ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









