বছরকয়েক ধরেই আলোচনায় অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন। তাদের বিচ্ছেদ নিয়ে জল্পনা, নানা গুঞ্জন।
সব জল্পনার অবসান ঘটিয়ে মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রের দীপাবলির পার্টিতে একসঙ্গে হাজির হলেন দু’জনে। একে অপরের হাতে হাত রেখে অনুষ্ঠানে প্রবেশ করলেন তারা।
৫ নভেম্বর মুম্বাইয়ে বসেছিল মণীশের দীপাবলির তারকাখচিত আসর। অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, কারীনা কাপুর খান, সাইফ আলি খান, কাজল, জেনেলিয়া ডি’সুজা — প্রতি বছরের মতো এবারেও বলিউডের বহু পরিচিত মুখ হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। তবে অভিষেক-ঐশ্বরিয়া জুটির রসায়ন নজর কাড়ল সকলের।
অনুষ্ঠানে অভিষেকের পরনে ছিল কালো শেরওয়ানি। অন্যদিকে, টকটকে লাল শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী, তাতে সোনালি পাড়। অনুষ্ঠানের লাল গালিচায় একসঙ্গে ছবিও তোলেন তারকা দম্পতি। তবে তাদের একক ছবি তোলার জন্য ফটোগ্রাফাররা অনুরোধ করলেও তাতে রাজি হননি দম্পতি। বরং দু’জনে একসঙ্গে ছবির জন্য দাঁড়ান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ছবি ও ভিডিও।
এক অনুরাগীর মন্তব্য করেছেন, দু’জনকে একসঙ্গে এত খুশি দেখে ভালো লাগছে। কেউ আবার লিখেছেন, ২০০৮ সালের সেই পুরনো অভিষেক-ঐশ্বরিয়ার রসায়ন যেন ফিরে এসেছে।
তাদের একে অপরের দিকে তাকানোর ভঙ্গি দেখে আবেগপ্রবণও হয়েছেন অনেকে।
উল্লেখ্য, ১৯৯৯-২০০০ সালের একটি ফোটোশুটের সূত্রে অভিষেক এবং ঐশ্বরিয়ার পরিচয়। পরে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবিতে একসঙ্গে কাজ করেন তারা। ‘উমরাও জান’, ‘গুরু’ এবং ‘ধুম ২’-এর মতো ছবিতে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।
২০০৭ সালে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক। ওই বছরই ২০ এপ্রিল মুম্বাইয়ে বচ্চন পরিবারের বাসভবনে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন তারা। ২০১১ সালে তাদের মেয়ে আরাধ্যার জন্ম হয়।
তবে গত কয়েক বছর ধরে তাদের নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছে। বারবার শোনা গিয়েছে তাদের বিচ্ছেদের গুঞ্জন। যদিও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে বারবার সেই জল্পনায় ইতি টেনেছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









