ওকালতি পেশায় দ্রুত অর্থ উপার্জনের শর্টকাট খুঁজলে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, একজন দক্ষ আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হওয়ার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে মানবিক হতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী তরুণ আইনজীবীদের উদ্দেশে বলেন, মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনা না করে দায়িত্বশীলতার সঙ্গে আদালতে দাঁড়াতে হবে। শুধু মক্কেলের কাছ থেকে পাওয়া ফি বা অর্থের বিষয়টি মাথায় রেখে আদালতে অবস্থান নেওয়া উচিত নয়। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে সততা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিক মূল্যবোধও ধরে রাখতে হবে।
আগামী প্রজন্মের ওপর আশাবাদ ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, তরুণরাই সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরে যে পথ তৈরি হবে, তা হবে মসৃণ ও প্রগতিশীল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









