নতুন ফসলের স্বপ্ন বুকে নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হয়েছে আলু বপন উৎসব।
গ্রামীণ জনপদে ভোরের হালকা কুয়াশা আর শীতের আমেজের সাথেই এখন মাঠজুড়ে চলছে কৃষকদের ব্যস্ততা। অনুকূল আবহাওয়া এবং বিগত মৌসুমে ভালো দাম পাওয়ায় স্বস্তিতে জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়ায় আলু চাষের জন্য মোট ১০৩৮ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৪৫০ হেক্টর জমিতে আলু বপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, ভোরে কুয়াশা ভেদ করে কৃষকেরা ট্রাক্টর ও পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করছেন। এরপর পরিবারের সদস্যদের সাথে নিয়ে সারিবদ্ধভাবে আলু বীজ বপন, সার প্রয়োগ ও সেচ দেওয়ার কাজ করছেন তারা।
বিগত বছরগুলোতে আলুর বাজারদর সন্তোষজনক হওয়ায় অনেকেই এবার আলুকেন্দ্রিক বিনিয়োগ ও আবাদ—দুটোই বাড়িয়েছেন।
স্থানীয় একাধিক কৃষক জানান, গেল মৌসুমে আলুর দাম ভালো পাওয়ায় এবার তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা অনেক বেশি। তবে এই ধারা বজায় রাখতে এবং বাম্পার ফলন নিশ্চিত করতে মানসম্মত বীজ ও সময়মতো পর্যাপ্ত সার প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন সুমি জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের নিয়মিত পরামর্শ ও মাঠপর্যায়ে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। আবহাওয়া এভাবেই অনুকূলে থাকলে চলতি মৌসুমে উল্লাপাড়ায় আলুর বাম্পার ফলন হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









