সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে কায়স্থরাইল এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নুরুল ইসলাম কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলার বাথরুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









