সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন তিনি। তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘‘ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’’
মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ বলেন, ‘‘হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় মন্ত্রীকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকেরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









