জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘জন উইক’র অ্যানিমেটেড প্রিক্যুয়েল নির্মাণের অনুমোদন দিয়েছে হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। এতে মূল চরিত্র জন উইকের কণ্ঠ দিতে আবারও ফিরছেন অভিনেতা কিয়ানু রিভস।
লায়ন্সগেটের পক্ষ থেকে প্রকল্পটির আনুষ্ঠানিক অনুমোদনের খবর জানানো হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা অ্যানিমেটেড সিনেমাটি নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল।
সিনেমাটির গল্প আবর্তিত হবে মূল ‘জন উইক’ সিনেমার আগের সময়কে ঘিরে। এতে জন উইকের জীবনের আলোচিত ‘ইমপসিবল টাস্ক’ বা অসম্ভব মিশনের ঘটনা তুলে ধরা হবে। প্রেমিকা হেলেনকে বিয়ে করে স্বাভাবিক জীবনে ফেরার জন্য তাকে এক রাতের মধ্যে নিজের সব প্রতিদ্বন্দ্বীকে হত্যা করার কঠিন দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই মিশন সফল করার মধ্য দিয়েই আন্ডারওয়ার্ল্ডের শক্তিশালী সংগঠন হাই টেবিলের কাছ থেকে মুক্তি পাওয়ার সুযোগ পান তিনি।
সিনেমাটি পরিচালনা করবেন শ্যানন টিন্ডল। নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিনেমা ‘আল্ট্রাম্যান: রাইজিং’ এবং ‘কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস’র সঙ্গে যুক্ত ছিলেন তিনি। চিত্রনাট্য লিখেছেন রায়ান ও কাজ ফিরপো। এর আগে তারা মার্ভেলের ‘ইটারনালস’ সিনেমার চিত্রনাট্য লেখার কাজ করেছেন।
সিনেমাটির প্রযোজনায় থাকছেন কিয়ানু রিভস নিজেও। তার সঙ্গে যুক্ত রয়েছেন জন উইক ফ্র্যাঞ্চাইজির পরিচিত প্রযোজক বাসিল ইওয়ানিক, এরিকা লি ও পরিচালক চ্যাড স্টাহেলস্কি। এ ছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান পয়েন্ট গ্রে যুক্ত হয়েছে প্রকল্পটিতে।
২০১৪ সালে মুক্তি পাওয়া প্রথম ‘জন উইক’ সিনেমার মাধ্যমে এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে আরও তিনটি মূল সিনেমা ও স্পিন-অফ চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায় সিরিজটি।
অ্যানিমেটেড প্রিক্যুয়েলটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









