সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়েই মানসম্মত ও আধুনিক চিকিৎসা পেতে পারেন, সে লক্ষ্যে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য কাউকে যেন রাজধানীতে ছুটে আসতে না হয়, সেটিই সরকারের লক্ষ্য।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং আয়োজিত ‘৩২তম জাতীয় সম্মেলন ও সেকেন্ড আউটরিচ প্রোগ্রাম বাংলাদেশ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতা, দক্ষতা ও পরিকল্পনার মাধ্যমে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা গেলে স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সার্বিক দিকনির্দেশনা দেবে। তবে চিকিৎসা ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। দেশের মানুষ যেন জটিল ও আধুনিক রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা দেশেই পান এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য না হন, সে বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় নবীন চিকিৎসকদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট ক্যারিয়ার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্মেলনে বক্তারা দেশের লিভার রোগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে লিভার সিরোসিসের অবস্থান সপ্তম। দেশে প্রায় ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি এবং সাড়ে চার কোটির বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফ্যাটি লিভারে আক্রান্ত।
বক্তারা বলেন, লিভারের রোগ জটিল পর্যায়ে পৌঁছালে এক বছরের মধ্যে ৪০ থেকে ৬০ শতাংশ রোগীর মৃত্যু হতে পারে। এ কারণে রোগের প্রাথমিক পর্যায়েই পরীক্ষা-নিরীক্ষা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
এ ছাড়া অপ্রয়োজনীয় সিটি স্ক্যান ও অস্ত্রোপচার এড়িয়ে চলার আহ্বান জানান বিশেষজ্ঞরা। একই সঙ্গে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চিকিৎসকদের জন্য রেডিয়েশন ঝুঁকি ভাতা চালুর দাবি জানান তারা।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের মহাসচিব অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)।
সম্মেলনে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









