পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পাবনা-সিরাজগঞ্জ) সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান এবং ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিউল আজম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ সপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বুরুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফরিদুর ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, মো. মেহেদী হাসান পান্না ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. পিন্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মচারি রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব, জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং সামাজিক সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









