সাতক্ষীরার শ্যামনগরে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর মডার্ন স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন শ্রেণি-পেশার নবীন ও প্রবীণদের অংশগ্রহণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস এবং শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. পিয়ার উদ্দিন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ, নওয়াবেঁকী মহাবিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন ও ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









