জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার কদমতলী এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে আড়াইবাড়ি দরবার শরীফের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কদমতলী মোড়ে গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা চলছিল।
এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির অপর একটি পক্ষ সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের লোকজন কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ বলেন, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, দিবসটি উপলক্ষে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি ছিল। উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বললেও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









