সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার ১৭ দিন আগে তার সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে পরীমনি নিজের ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
এদিকে, ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা পরীমনির প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। বিশেষ করে দৈনিক সমকালের রবির কাছে এবং তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে বিকল্প অতিথি খুঁজে নেওয়ার আহ্বান জানান তারা। এ নিয়ে চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আয়োজকরা পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছেন। ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









