সারা দেশের ন্যায় পাবনার চাটমোহর উপজেলার ১ নম্বর হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এসব প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও আমির হোসেন প্রমুখ। বক্তারা ছাত্রছাত্রীদের মাঝে ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ আলম, শাহ্ আলম বিএসসি, ইলিয়াস হোসেন, সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক এদিন পত্রিকার চাটমোহর উপজেলা প্রতিনিধি এবং ত্রৈমাসিক 'চলনবিলের সময়' পত্রিকার সম্পাদক ও প্রকাশক লুৎফর রহমান হীরা।
আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









