চাঁদপুর জেলাজুড়ে পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ দলটির মোট ৬২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে ১২ জন মাদক সংশ্লিষ্ট আসামিকে গ্রেফতার এবং ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।
তিনি জানান, চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় জেলাজুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকার নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদকে গ্রেফতার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ ছাড়া জেলার অন্যান্য স্থানে পরিচালিত পৃথক অভিযানে গ্রেফতার হন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার (গুনরাজদী থেকে), জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না (নিজ বাড়ি থেকে), পৌর ছাত্রলীগের সম্পাদক আমজাদ হোসেন রনি (ট্রাক রোড থেকে), বাগাদী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান এবং যুবলীগ নেতা আরিফ হোসেন।
পরিসংখ্যান অনুযায়ী, গ্রেফতারকৃত আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, মতলব উত্তর থানায় ১২ জন, হাজীগঞ্জে ৭ জন, ফরিদগঞ্জে ৬ জন এবং শাহরাস্তি থানায় ৬ জন রয়েছেন।
অন্যদিকে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পরিচালিত অভিযানে ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে মোট ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাশাপাশি জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এর মধ্যে ফরিদগঞ্জ থানা এলাকা থেকে ৭ জন, সদর মডেল থানা থেকে ৪ জন, হাইমচর থেকে ৪ জন এবং হাজীগঞ্জ থানা এলাকা থেকে ৪ জন কিশোরকে আটক করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে আটক কিশোরদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে। এই ঘটনাকে কেন্দ্র করে একই দিন সন্ধ্যায় চাঁদপুর শহরে জামায়াতে ইসলামী, জেলা যুবদল, ছাত্রদল এবং এনসিপি (NCP) পৃথক প্রতিবাদ মিছিল বের করে তীব্র ক্ষোভ প্রকাশ করে।
এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, "আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









