চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের গভীর পুকুরে পড়ে গেছে। এতে মাদ্রাসার এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন যাত্রী।
শনিবার (৭ নভেম্বর) ভোরে মহাসড়কের কেরানীহাটের আগে রেলবিট এলাকা অতিক্রম করার পরপরই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং মো. ইসরাফিল (৫৬)।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা ‘তিসা পরিবহন’-এর একটি রিজার্ভ বাস ভোররাতে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি উল্টে সড়কের পাশের একটি গভীর পুকুরে তলিয়ে যায়। বাসটিতে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাঁরা সবাই বার্ষিক শিক্ষাসফরে আনন্দভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিলেন।
দুর্ঘটনার বিকট শব্দ ও চিৎকার শুনে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ, সাতকানিয়া ফায়ার সার্ভিস, সাতকানিয়া থানা পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, "দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলে দুজন নিহত হয়েছেন এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
তিনি আরও জানান, উদ্ধারের পর বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









