১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পরিচালনার পথ উন্মুক্ত হয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও সার্বভৌমত্ব দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত র্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জনসভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালু হয়। একই বছরের ৭ জুন বাকশাল গঠনের মধ্য দিয়ে একদলীয় রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হয়। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ধারাবাহিক সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানে দেশে অস্থিরতা সৃষ্টি হয়। ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের সময় তিনি মুক্ত হন।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে যায়। এর ধারাবাহিকতায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠিত হয়।
জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে দুলু বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। তার রাজনৈতিক আদর্শ ও সংগঠনের প্রতি মানুষের সমর্থন এখনো রয়েছে। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে।

তিনি বলেন, জনগণের সমর্থনই রাজনৈতিক দলের মূল শক্তি। মানুষের প্রত্যাশা পূরণে গণতন্ত্র, রাজনৈতিক অধিকার ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিস ও সাধারণ সম্পাদক হাসান আলীসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









