সিলেটের দক্ষিণ সুরমায় পূর্ববিরোধের জেরে গেদা মিয়া (৬৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তেতলি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত গেদা মিয়া তেতলি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। তিনি এলাকায় সালিশি ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটি নিয়ে গেদা মিয়ার পক্ষের সঙ্গে আলাউদ্দিন ও ইলিয়াসের বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সন্ধ্যায় আলাউদ্দিন ও ইলিয়াসসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে গেদা মিয়া ও বাবুলের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে লুটপাটের অভিযোগও রয়েছে। হামলাকারীদের বাধা দিতে গেলে গেদা মিয়াকে ১৫ থেকে ২০টি কোপ দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে গেদা মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









